সর্বশেষ

ধর্ম

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সাধারণ প্যাকেজের খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য একটি সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা, যা সরকারি সাশ্রয়ী প্যাকেজের চেয়ে ৮ হাজার টাকা বেশি।

ধর্মমন্ত্রী জানান, সরকারি দুই প্যাকেজেই বাংলাদেশ-সৌদি আরব-বাংলাদেশ রুটের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্যাকেজের মধ্যে মক্কা ও মদিনায় আবাসন, মিনা-আরাফা-মুজদালিফার সেবা, কোরবানি, সৌদি আরবে অভ্যন্তরীণ পরিবহন, প্রশিক্ষণ, হজ গাইড, আইটি সেবা, প্রশাসনিক খরচ এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।

সরকারি হজ প্যাকেজ-১-এর আওতায় হজযাত্রীরা মক্কায় মসজিদুল হারাম থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুযোগ পাবেন। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা করা হবে। এ ছাড়া উন্নত সেবা, খাবার সরবরাহ এবং সাধারণত ৩৫ থেকে ৪০ দিন সৌদি আরবে অবস্থানের সুযোগ থাকবে।

সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এলাকায় তাঁবু দেওয়া হবে। হোটেলের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদিত হজ এজেন্সিগুলো সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ অনুসরণ করবে। তবে অতিরিক্ত সুবিধা যুক্ত করে সর্বোচ্চ তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। কোনো এজেন্সি সরকারি সাধারণ প্যাকেজের তুলনায় নিম্নমানের সেবা দিতে পারবে না।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধন, অর্থ পরিশোধ, পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া, স্বাস্থ্য পরীক্ষা, প্রাক্-হজ প্রশিক্ষণ, নুসুক কার্ড ব্যবহার, সৌদি আরবে আবাসন ও পরিবহনসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীদের নিবন্ধনের সময়সূচি পরে জানানো হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন