পাবনায় মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পতাকা উত্তোলন, আনন্দ র্যালি এবং পথসভার মাধ্যমে দিনটি উদযাপন করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভোরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে জেলা যুবদলের সাবেক সভাপতি আবু ওবায়দা শেখ তুহিনের উদ্বোধনের পর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সদস্যসচিব মনির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনৈতিক অঙ্গনে যুবসমাজের অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।
১১৩ বার পড়া হয়েছে