চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় তিনি সেবার মান নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপন ও জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেন তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় টাঙ্গাইলের প্রায় ৫০ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের মানোন্নয়নের ওপর জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে এবং ঢাকার বিকল্প হিসেবে এটি উন্নত সেবা দিতে সক্ষম।
হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্রুত জনবল সংকট দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া সভায় চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, খাবারের মান বৃদ্ধি এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চিকিৎসাসেবা বিঘ্নিত করে এমন দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, অবৈধ দোকান উচ্ছেদ, ফরেনসিক বিভাগ চালু ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তুলে ধরেন।
উক্ত সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ এবং সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে