পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস, বিচারক হতে চান বিউটি
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের অদম্য নারী বিউটি খাতুন। জন্ম থেকেই দুটি হাত না থাকলেও পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এখন যোগ্যতা অনুযায়ী বিজিএস পরীক্ষা দিয়ে সিভিল জজ হয়ে শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত শিবপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম বিউটি খাতুনের। জন্ম থেকেই দুটি হাত না থাকায় পরিবার ও স্বজনরা প্রথমে তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। তবে সব প্রতিকূলতা কাটিয়ে অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি আজ উচ্চশিক্ষিত।
ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তীব্র অনুরাগের কারণে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন বিউটি। একে একে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সম্প্রতি তিনি সেখান থেকে সাফল্যের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সুন্দর হাতের লেখার পাশাপাশি পায়ের সাহায্যে সংসারের যাবতীয় কাজও অনায়াসে করতে পারেন তিনি।
শিক্ষা জীবনে বিভিন্ন মেয়াদে পরিবার এবং সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের কাছ থেকে সমর্থন ও সহায়তা পেয়েছেন তিনি। বিউটি জানান, শৈশব থেকে অসংখ্য চ্যালেঞ্জ ও মানুষের কটু কথা সহ্য করে তিনি এত দূর এসেছেন। কারো দয়ায় নয়, বরং নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তিনি আত্মনির্ভরশীল হতে চান।
বর্তমানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষার জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছেন বিউটি। তাঁর বাবা বায়েজিদ হোসেন এবং স্থানীয় শিক্ষক আজিজার রহমান তাঁর এই অদম্য যাত্রাকে সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।
১২৫ বার পড়া হয়েছে