জাপান থেকে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের আশা বাংলাদেশের
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান জাপানের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে আগামী পাঁচ বছরে জাপানের বেসরকারি খাত থেকে বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাশা করছে দেশটি। এ বিনিয়োগের পরিমাণ প্রায় এক লাখ কোটি ইয়েন। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।
মঙ্গলবার সকালে জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। অন্যদিকে, এ অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে জাপান।
সানায়ে তাকাইচি জানান, দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও গতিশীল করার বিষয়ে ঐকমত্য হয়েছে। নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে এ প্রকল্প এগিয়ে নেওয়া হবে। এর আওতায় বাংলাদেশ ও জাপান যৌথভাবে আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে।
নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের চারটি প্রধান স্তম্ভের কথা তুলে ধরেন জাপানের প্রধানমন্ত্রী। এগুলো হলো যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধি, সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়নের পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা।
সানায়ে তাকাইচি বলেন, এসব স্তম্ভের ভিত্তিতে বাংলাদেশ ও জাপান পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এর মাধ্যমে দুই দেশ অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে চায়।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।
এর আগে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই আগামী পাঁচ বছরে বাংলাদেশে দেশটির বেসরকারি খাত থেকে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনার খবর প্রকাশ করে। বার্তা সংস্থা রয়টার্সও গত ২২ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
তবে প্রত্যাশিত বিনিয়োগের অর্থ এখনো বাস্তবে বিনিয়োগ করা হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প খাত, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
১২৬ বার পড়া হয়েছে