ইউক্রেনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন ভারতীয় ক্রু সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় মোট ১০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগের সময় ‘এমভি গোল্ডেন লিও’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় চারজন ভারতীয় নাবিক নিহত হন এবং আরও একজন ভারতীয় গুরুতর আহত হন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চার ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
হামলার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক। ইউক্রেনীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গিনি-বিসাউয়ের পতাকাবাহী এবং ভুট্টাবোঝাই জাহাজটিকে লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। এ হামলায় চারজন ভারতীয়সহ মোট নয়জন ক্রু সদস্য এবং একজন ইউক্রেনীয় মেরিন পাইলট নিহত হয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক ভারতের মুম্বাইভিত্তিক শিপিং প্রতিষ্ঠান ‘ওশান গ্রেস শিপিং লিমিটেড’। জাহাজটিতে ভারত ও সিরিয়ার নাগরিকেরা ক্রু সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, চলতি জুলাই মাসে রাশিয়ার ধারাবাহিক হামলায় এ পর্যন্ত অন্তত ২৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে, সীমান্ত এলাকায় ইউক্রেনও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। সোমবার (২০ জুলাই) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলায় আরও অন্তত আটজন নিহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই সামরিক ও ড্রোন হামলার মাত্রা বৃদ্ধি করেছে। এর ফলে কৃষ্ণসাগর অঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা এবং বেসামরিক প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে