আন্তর্জাতিক ক্রিকেট: ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আফগানিস্তান
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই আফগানিস্তানের সর্বোচ্চ অবস্থান।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধাপে ধাপে নিজেদের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছে আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে নিজেদের অবস্থান সুসংহত করেছে তারা।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় আসে আফগানিস্তান। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় দলটি।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে ৯৬টি ম্যাচে জয় পেয়েছে তারা। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারানোর পর জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানরা।
দলটির এমন ধারাবাহিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে আগেই পেছনে ফেলেছিল আফগানিস্তান। এবার শ্রীলঙ্কাকে ছাড়িয়ে ছয় নম্বরে উঠে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে তারা।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। এক ধাপ ওপরে থেকে অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড। তালিকার শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে এবং অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম।
১০৭ বার পড়া হয়েছে