এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এক বার্তায় এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২২৩ টাকা।
এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
দেশে বাসাবাড়িতে রান্নার কাজে এলপিজির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন বড় শহরে পাইপলাইনের গ্যাসের সংযোগ না থাকা এবং নতুন সংযোগ সীমিত হওয়ায় অনেক পরিবার রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে এলপিজির দাম বাড়লে সরাসরি বাড়তি খরচের চাপ পড়ে সাধারণ মানুষের ওপর।
আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ বিভিন্ন খরচ বিবেচনায় এলপিজির মূল্য নির্ধারণ করা হয়। এসব বিষয় পর্যালোচনা করে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
এদিকে কমিশনের নির্ধারিত দামের সঙ্গে বাজারে সিলিন্ডার বিক্রির মূল্যের পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ভোক্তারা। অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। দাম বৃদ্ধির ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে