বগুড়ায় ফসল উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে মতবিনিময় সভা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া সদর উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার শীর্ষ কর্মকর্তা ও কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহারের পরামর্শ দেন। মঙ্গলবার কাঁপোড় ইউনিয়নের কৈচর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সদরের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। তিনি কৃষির সার্বিক উন্নয়নে সরকার ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। তিনি চলতি রবি মৌসুমে কাঙ্ক্ষিত ফলন অর্জনে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন।
সভায় কৃষকদের উদ্দেশ্যে সেচ ব্যবস্থাপনা, সময়মতো রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী কৃষি প্রযুক্তির ব্যবহারের নানাদিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হয়ে কৃষি বিষয়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
১১৩ বার পড়া হয়েছে