সর্বশেষ

জাতীয়

গাজীপুর ও আশুলিয়াতেও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকেরা অবরোধ করেন। অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও টানা তৃতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ টিয়ারগ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এর আগে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধ করা। সোমবারও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে ন্যূনতম মজুরি ও ভাতা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় বেশ কিছু কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নরসিংহপুর, জামগড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।

সোমবারের শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে।

অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন। তাঁদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০