ফরিদপুরে সাড়ে চার মাস নিখোঁজ শিশু, ঘরের মেঝে খুঁড়েও মিলল না সন্ধান
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে সাড়ে চার মাস ধরে নিখোঁজ আট বছর বয়সী শিশু সামিউল ইসলামকে উদ্ধারের আশায় একটি বসতঘরের পাকা মেঝে কেটে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও শিশুটির মরদেহের সন্ধান মেলেনি। রাত ৩টার দিকে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি এলাকার প্রবাসী মিরাজুল মল্লিকের ছেলে সামিউল ইসলাম (৮)। গত ১৫ জুন নিজ গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। পরদিন শিশুটির চাচা সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্র ও পিবিআইয়ের তথ্য অনুযায়ী, শিশুটির নিখোঁজের ঘটনায় গত রোববার (১ নভেম্বর) চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাঁরা হলেন সদরপুর উপজেলার নয়াকান্দি গ্রামের আলামিন (৩৬) ও মোস্তফা ফরাজী (৫০) এবং নগরকান্দা উপজেলার গোয়ালদী গ্রামের ফরিদ মাতুব্বর (৩৫) ও সুজন মাতুব্বর (৩৭)।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে নয়াকান্দি গ্রামের লাভলী বেগমের (৩৫) তালাবদ্ধ বসতঘরে তল্লাশি শুরু করে পিবিআই। এ সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘরের পাকা ইটের মেঝের ঢালাই কেটে মাটি খুঁড়ে অনুসন্ধান চালানো হয়।
রাতভর তল্লাশিতে প্রায় ছয় ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হলেও সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ভোররাত ৩টার দিকে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ এবং ফায়ার সার্ভিসের একটি দল। তল্লাশি দেখতে ঘটনাস্থলে কয়েক শ স্থানীয় মানুষ জড়ো হন।
ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, নিখোঁজ শিশু সামিউলকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তাঁদের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
রাতভর অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় নয়াকান্দি ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে