সর্বশেষ

জাতীয়

আজকেও মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, মেট্রোর ২ স্টেশন বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেয়া হয়। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মেট্রোস্টেশনের পশ্চিম পাশে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর, নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি ও মিরপুর-১২ নম্বরের দিক থেকে দলে দলে শ্রমিকেরা এসে আন্দোলনে যোগ দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। কয়েকজন শ্রমিককে লাঠিপেটা করার ঘটনাও ঘটে। শ্রমিকেরা সড়কে বেঞ্চসহ কাঠের আসবাব জড়ো করে আগুন ধরিয়ে দেন।

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেয়া হয়। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।

তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক আছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারছে না। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামছে না।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গত শনি ও রোববার মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।

রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবারও মিরপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের বাধা দেয়। কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০