সর্বশেষ

জাতীয়

আজ মিত্রদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ বৈঠক। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শরিকদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, আসন বণ্টন নিয়ে অসন্তোষ এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির সূত্র জানিয়েছে, বৈঠকে অংশ নিতে যুগপৎ আন্দোলনের সব মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের আগে নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতাকেও এ বৈঠকে ডাকা হয়েছে।

দলটির নেতারা বলছেন, বৈঠকের মূল উদ্দেশ্য হলো শরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে খোলামেলা মতবিনিময় করা। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী দিনে কীভাবে সমন্বিতভাবে এগোনো যায়, সে বিষয়েও আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান।

এদিকে বিএনপি ও শরিক দলগুলোর একাধিক সূত্রের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে কয়েকটি শরিক দলের মধ্যে অসন্তোষ রয়েছে। বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়ন, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার কৌশল নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

শরিক দলগুলোর কয়েকজন নেতা মনে করছেন, নির্বাচন ও সরকার গঠনের পর গত পাঁচ মাসে অনেক ক্ষেত্রেই বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা দেখা গেছে। ফলে এই বৈঠকের মাধ্যমে সরকার ও বিএনপির রাজনৈতিক অবস্থান এবং শরিকদের প্রতি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করবেন তারা। তাদের মতে, এ বৈঠকের ফলাফলের ওপর ভবিষ্যতে বিএনপি ও শরিকদের পারস্পরিক সম্পর্কের ধারা অনেকটাই নির্ভর করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে সরকার ও বিএনপির মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করা হবে। শরিকদের সঙ্গে তারা আগের সম্পর্ক অব্যাহত রাখবে, নাকি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে—সেটি জানা গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বৈঠকে ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় সরকার গঠনের বিষয়েও আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন