জামালপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ ১৪ বছর আইনি লড়াই শেষে আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার দুপুরে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামির নাম হাফিজুল হক (৩৯), যিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ঢাকার মিরপুর এলাকায় কলার আড়তে কাজ করার সুবাদে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমেনা বেগমের মেয়ে হুনফা আক্তারের সঙ্গে হাফিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই হাফিজুল এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন শুরু করেন।
একপর্যায়ে ২০১২ সালের ৪ সেপ্টেম্বর বকশীগঞ্জের নিজ বাড়িতে হুনফাকে শ্বাসরোধে হত্যা করেন হাফিজুল। এই ঘটনার পর নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক। দীর্ঘ ১৪ বছর পর হলেও এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
১৪৫ বার পড়া হয়েছে