কুষ্টিয়ায় মেসে আটকে তরুণীকে ৪ দিন ধরে ধর্ষণ, আটক ১
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের একটি মেসে ‘প্রেমের ফাঁদে ফেলে’ ডেকে নিয়ে এক তরুণীকে চার দিন আটকে রেখে নির্যাতনের ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি মেস থেকে কৌশলে পালিয়ে আসার পর ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের বাইরে এক তরুণী কান্নাকাটি করে সাহায্য চান। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে আটক করে।
ভুক্তভোগী তরুণী পুলিশকে জানিয়েছেন, রাফিউজ্জামান রবিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁকে ওই ভবনের নিচতলার মেসে ডেকে নেওয়া হয়। সেখানে গত চার দিন ধরে তাঁকে আটকে রেখে রবিন ও তাঁর সহযোগীরা শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। এ ছাড়া প্রমাণ লোপাট করতে ও ওই তরুণীকে ভয় দেখাতে তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলা হয়। আজ সোমবার সকালে সুযোগ বুঝে তিনি মেস থেকে পালিয়ে রাস্তায় নেমে আসেন।
উদ্ধারের পর পুলিশ ওই তরুণীকে চিকিৎসার ও শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানান, প্রাথমিক পরীক্ষায় ওই তরুণীর ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মূল অভিযুক্ত রবিনকে আটক করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত তাঁর অন্য সহযোগীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে