মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির দুই ভিন্ন আইনে বিচার হতে পারে না।
রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ কথা বলেন।
মন্ত্রী জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও সামরিক আদালতে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। তবে মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তার বিচার তখন সম্ভব হয়নি।
তিনি বলেন, সম্প্রতি গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনা আইনের বিধান অনুযায়ী তার বিচার অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তি একই অপরাধে একাধিক আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। তাই এই মামলায় তার বিচার সেনা আইনের আওতায় সম্পন্ন হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে কোনো দেওয়ানি বা ফৌজদারি আদালতের আইনগত প্রশ্ন থাকলে তা পরবর্তীতে প্রচলিত আইন অনুযায়ী পর্যালোচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, আগে যেসব আসামির বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, সেই রায়ে যদি মোজাফফর হোসেনকে নিয়ে কোনো পর্যবেক্ষণ বা সংশ্লিষ্ট তথ্য থাকে, তাহলে জেনারেল কোর্ট মার্শাল তা বিবেচনায় নিতে পারে।
এদিকে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সীমান্ত এলাকায় আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিশেষ করে মাদক পাচার, সীমান্তে গোলাগুলির প্রভাব এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সরকার ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব বিবেচনা করছে।
তবে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৪৬ বার পড়া হয়েছে