ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সকালে নিজ ঘর থেকে সুমন হোসেন (৩০) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন হোসেন ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। রোববার দিবাগত রাতে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখার পর রাত প্রায় চারটার দিকে তিনি বাড়ি ফেরেন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়।
নিহতের স্ত্রী জানান, রাত চারটার দিকে খেলা দেখে বাড়িতে ফিরে সুমনকে তিনি শুধু বলেছিলেন, ‘এখন তোমার আসার সময় হলো।’ এরপর সুমন আবার বাড়ি থেকে মাঠের দিকে চলে যান। পরে তিনি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম ভেঙে তিনি ঘরের ডাবের সঙ্গে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তিনি সেখানে যান। ঘরের ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়। পরে স্থানীয় এক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সুমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫৬ বার পড়া হয়েছে