নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ বছরের এক অবুঝ শিশু জান্নাতুল। সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সোমবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর পাঁচুড়িয়া পাড়ার মফিজুর রহমানের শিশুকন্যা জান্নাতুলকে তার বাবা স্থানীয় একটি দোকান থেকে চানাচুর কিনে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও শিশুটি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে প্রতিবেশী আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম রবির ঘরের ভেতর কাঁথা জড়ানো অবস্থায় অবচেতন জান্নাতুলকে উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিযুক্ত রবিউল বাড়ি থেকে পালিয়ে যায়। স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত রবিউলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
১৩৭ বার পড়া হয়েছে