বগুড়ায় প্রবীণদের ভাতা ও শিক্ষার্থীদের বৃত্তি দিল মুনলাইট সোসাইটি
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বয়সের ভারে নুয়ে পড়া প্রবীণদের পাশে দাঁড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে বগুড়ায় প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। এ আয়োজনে ৬৩ জন প্রবীণ ও ৩৩ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বগুড়ায় মানবিক সহায়তার এক অনন্য উদ্যোগ হিসেবে অসহায় প্রবীণ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রবীণ ভাতা এবং ‘ল্যাব-৮৩’ শিক্ষাবৃত্তি প্রদান করেছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।
শনিবার দুপুরে বগুড়া শহরের শেরপুর রোডে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রবীণদের সম্মান করা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রবীণদের মুখের হাসি ও শিক্ষার্থীদের সফলতার মধ্য দিয়েই একটি সমাজের অগ্রগতি প্রকাশ পায়। মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে যে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়কারী সুরাইয়া বাবলি এবং পেসড-এর নির্বাহী পরিচালক রোমানা খাতুন।
সুরাইয়া বাবলি বলেন, প্রবীণরা সমাজের শেকড়। তাদের সম্মান, নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রোমানা খাতুন বলেন, একজন শিক্ষার্থীকে দেওয়া সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, এটি তার স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। একইভাবে প্রবীণদের ভাতা তাদের প্রতি সমাজের দায়িত্ব ও সম্মানের প্রতীক।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তি কর্মসূচির সমন্বয়কারী মোরশেদা বেগম আইভী বলেন, অসহায় প্রবীণ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এ উদ্যোগ আরও বড় পরিসরে চালানো সম্ভব হবে।
সংস্থার নির্বাহী সদস্য ওয়ালিউল ইসলাম বিটুল বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই মুনলাইটের মূল উদ্দেশ্য। একজন প্রবীণের দোয়া এবং একজন শিক্ষার্থীর সাফল্যই এ ধরনের কার্যক্রমের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
এ সময় মঞ্জুরুল হক টুটু বলেন, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি মানুষের কল্যাণে কাজ করা একটি মানবিক সংগঠন।
প্রবীণ ভাতাভোগীদের পক্ষে রাবেয়া খাতুন বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় মানুষ নিজেকে একা মনে করেন। মুনলাইট শুধু আর্থিক সহায়তা দেয়নি, দিয়েছে সম্মান ও ভালোবাসা।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী লুবনা আক্তার জেলি বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে।
অনুষ্ঠানে ৬৩ জন অসহায় প্রবীণকে প্রবীণ ভাতা এবং ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ল্যাব-৮৩’ শিক্ষাবৃত্তির অর্থ দেওয়া হয়। পরে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১০৫ বার পড়া হয়েছে