কুষ্টিয়ার খোকসায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আটক ২
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্থানীয় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ ও সশস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সশস্ত্র হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন ওসমানপুর ইউনিয়নের হিজলাবট ব্রিক ফিল্ড এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুল শেখ (২৫)। আহতদের মধ্যে মুল্লুক মণ্ডল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক বেচাকেনাকে কেন্দ্র করে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ জুলাই এ বিরোধকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় হাসান শেখ নামে একজন গুরুতর আহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ৮০ থেকে ১০০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল হামলাকারীদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন ও আব্দুল শেখ ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ফারুক হোসেনের স্ত্রী রাহেলা অভিযোগ করেন, প্রতিপক্ষ তার স্বামীকে মাদক ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় প্রায় এক মাস আগে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এরপর নিরাপত্তার আশঙ্কায় ফারুক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে নিহত আব্দুল শেখের মা ময়না খাতুন জানান, প্রতিপক্ষের ভয়ে তাঁর ছেলে প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামী হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে ছেলেকেও হত্যা করা হয়।
তবে পুলিশ বলছে, স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে