মুক্তাগাছায় বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবদল ও ছাত্রদল নেতাদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম শহীদ। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি এই ঘটনার পেছনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার জমি জবরদখল ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম শহীদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদপুষ্ট মজনু খান দীর্ঘদিন ধরে তার পারিবারিক সম্পত্তি বেদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এমনকি বিগত সরকারের সময়ে তার ফুফাতো ভাইকে নির্যাতন করে জোরপূর্বক দলিল করিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
লিখিত বক্তব্যে সাবেক মেয়র জানান, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের পৈতৃক জমি উদ্ধার করেন। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ নেতা মজনু খান পুনরায় জমিটি দখলের চেষ্টা চালান। গত বুধবার জমিতে অবৈধ ঘর তোলার প্রস্তুতি নেওয়া হলে পুলিশ প্রশাসনের সহায়তায় কাজ বন্ধ করা হয়। তবে রাতের আঁধারে আবারো কাজ শুরু করলে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা তা প্রতিহত করেন।
এই ঘটনাকে কেন্দ্র করেই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদল ও যুবদল নেতাদের জড়িয়ে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীরা অভিযুক্ত মজনু খানের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ এবং পৌর ও উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩৬ বার পড়া হয়েছে