সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বাড়ছে হত্যাকাণ্ড, সামাজিক অবক্ষয় ও পারিবারিক দ্বন্দ্বে উদ্বেগে মানুষ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিক অবক্ষয়, পারিবারিক সহিংসতা, জমিজমা নিয়ে বিরোধ, দেনা-পাওনার দ্বন্দ্ব, মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে নওগাঁ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, অনেকে পড়েছে চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটে।
মরদেহ উদ্ধার

নওগাঁয় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সমাজের ভেতরে ধীরে ধীরে বিস্তার লাভ করা নানা অসংগতি এখন সহিংস অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ, নিজস্ব সংস্কৃতি ও নৈতিক শিক্ষার চর্চার অভাব, পারিবারিক বন্ধনের দুর্বলতা, মাদকের বিস্তার, বেকারত্ব, হতাশা এবং প্রযুক্তির অপব্যবহার তরুণদের অপরাধপ্রবণ করে তুলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ ঘটনাই হত্যা, পারিবারিক সহিংসতা অথবা রহস্যজনক মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

গত ২৯ জুন মহাদেবপুর উপজেলা-এর ছোট মহেশপুর গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ভাতিজা চপলের হাতে চাচা আব্দুল জব্বার (৬৫) নিহত হন। এর আগের দিন ২৮ জুন নওগাঁ সদর উপজেলা-এর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নিরবের (১৪) মরদেহ মাদ্রাসার কাছ থেকে উদ্ধার করা হয়। নিরব আটঘরিয়া উপজেলা-এর চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে।

১৭ জুন আত্রাই উপজেলা-এর শাহাগোলা রেললাইনের পাশ থেকে শিক্ষক নেয়ামুল বাশিরের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ৮ জুন মান্দা উপজেলা-এর হাটোর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) মারা যান। একই উপজেলার ছুটিপুর গ্রামে ৭ জুন জমিসংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে নিহত হন আব্দুল হামিদ (৬৫)। ৩ জুন সাপাহার উপজেলা-এর পুনর্ভবা নদীর বলদিয়াঘাট এলাকা থেকে নিখোঁজের এক দিন পর মানসিক ভারসাম্যহীন কিশোর সিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

৭ মে নওগাঁ সদর উপজেলার আরজি-নওগাঁ এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় যৌতুকের দাবিতে গৃহবধূ ফাল্গুনিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে স্বামী মোরশেদের বিরুদ্ধে। ২০ এপ্রিল নিয়ামতপুর উপজেলা-এর বাহাদুরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া আক্তার (৩)।

২ এপ্রিল নওগাঁ সদর উপজেলার গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে মিনতি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ১ এপ্রিল পোরশা উপজেলা-এর শীতলি ডাঙ্গাপাড়া গ্রামে স্বামীর মারধরে মরজিনা খাতুন রুপসি (২৬) মারা যান।

৩১ মার্চ নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দি এলাকায় একটি গ্যারেজে রাখা বাস থেকে বাসের হেলপার জাহিদ ইসলাম (২২)-এর মরদেহ উদ্ধার করা হয়। ২৬ মার্চ পত্নীতলা উপজেলা-এর আত্রাই নদীর কাঞ্চন গ্রাম এলাকা থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার হয়।

৬ মার্চ আত্রাই উপজেলার বলরামচক গ্রামে মাদকাসক্ত জয় সরকার (২৫) তার স্ত্রী বৃষ্টি রানী (২০) ও আড়াই বছরের মেয়ে জিনি সরকারকে হত্যা করে পরে আত্মহত্যা করেন। ৫ মার্চ মান্দা উপজেলার একটি কওমি মাদ্রাসা ও এতিমখানায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।

২৮ ফেব্রুয়ারি পত্নীতলা উপজেলার উজিরপুর চৌধুরীপাড়া এলাকা থেকে প্রতিমা রাণী (২৪)-এর মরদেহ উদ্ধার করা হয়। ৪ ফেব্রুয়ারি বদলগাছী উপজেলা-এর ভান্ডারপুর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তুন্নাহার বেগম (১৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। একই উপজেলার বওলাপাড়া গ্রামে ৩ ফেব্রুয়ারি পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় নুপুর (২৬)-এর মরদেহ পাওয়া যায়।

২৫ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামে একটি সেপটিক ট্যাংক থেকে মিতু বানু নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারি রানীনগর উপজেলা-এর হরিপুর গ্রামে আগুনে দগ্ধ অবস্থায় বাসন্তী রানীর (২৫) মরদেহ উদ্ধার হয়। ১৮ জানুয়ারি ধামইরহাট উপজেলা-এর নানাইচ গ্রামে সিরিয়াল কিলার গোলাম মোরশেদের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী উম্মে হাবিবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পোরশা উপজেলার নীতপুর গ্রামের বাসিন্দা দরিদ্র বৃদ্ধ মশিউর রহমান বলেন, একটি ডিম ভাজাকে কেন্দ্র করে জামাই আব্দুল মকিম তার মেয়ে মরজিনা খাতুন রুপসিকে হত্যা করেন। ঘটনার পর আব্দুল মকিম কারাগারে রয়েছেন। তাদের এক থেকে ১১ বছর বয়সী ছয় সন্তান এখন তার কাছে রয়েছে। তিনি বলেন, এতগুলো নাতি-নাতনিকে নিয়ে তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন।

নিহত শিক্ষক নেয়ামুল বাশিরের স্বজনেরা জানান, তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শাহাগোলা রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বলেও জানান স্বজনেরা।

নওগাঁর সমাজকর্মী নাইস পারভীন বলেন, সাম্প্রতিক অধিকাংশ হত্যাকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা উদ্বেগজনক। মাদকাসক্তি, পারিবারিক অবহেলা, নৈতিক শিক্ষার অভাব, শিক্ষকদের শাসনের সীমাবদ্ধতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে। তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও বেশি সময় দেওয়া ও নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে।

নওগাঁ জজ আদালতের আইনজীবী মো. মাহ্ফুজুর রহমান বলেন, সামাজিক অবক্ষয় ও নৈতিক শিক্ষার ঘাটতির কারণে খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো গেলে এসব অপরাধ অনেকাংশে কমানো সম্ভব।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার অধিকাংশ হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ বা সহিংসতার কারণে ঘটছে। ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কর্মসূচি চালানো হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন