নড়াইলে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
‘‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ ছায়েম আলী খান।
বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণ রোধ, বনাঞ্চল রক্ষা, গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে এবং ব্যক্তিগত জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর তাগিদ দেওয়া হয়।
আলোচনা সভার শেষ পর্বে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হলেও এ বছর রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই এটি উদযাপন করা হয়।
১০৭ বার পড়া হয়েছে