নড়াইলে জুলাইযোদ্ধাদের মারধরে 'পুরস্কার' ঘোষণা, থানায় অভিযোগ
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও জুলাইযোদ্ধাদের মারধরের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীরা।
নড়াইল সদর থানায় গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম ১১ জনের নাম উল্লেখ করে এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে জুলাইযোদ্ধাদের ওপর হামলার উস্কানি ও হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন পলাতক নেতাকর্মী সম্প্রতি ফেসবুকে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের সন্ধান বা তাদের মারধর করতে পারলে দেড় লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। এ ধরনের উস্কানিমূলক পোস্টের পর স্থানীয় ছাত্রসমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে।
অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইল শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান নয়ন, সহ-সভাপতি সৌরভ কর্মকার এবং ঢাকা মহানগরী উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজিবুল ইসলাম হৃদয়সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের মোট ১১ জন নেতাকর্মী।
বাদী আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পলাতক ছাত্রলীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত এমন সহিংস হুমকি দিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। তবে অভিযুক্তদের একজন আব্দুল্লাহ আল জাবের লোটাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছেন।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগপত্রটি জমা নেওয়া হয়েছে। সাইবার হুমকি ও সহিংসতার উস্কানিদাতাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে