হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা রেনু মিয়া হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁরা রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
এই ঘটনার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া এবং দুই কনস্টেবল বাবলু মিয়া ও সোহেল রানা আহত হন। পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দিকে মাধবদী এলাকা থেকেই তাঁকে হাতকড়াসহ আবার গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে কর্তব্যে অবহেলা ও প্রশাসনিক কারণে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পাশাপাশি জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় দায়ের করা এ মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক সাত নারীর মধ্যে চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
১২০ বার পড়া হয়েছে