মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ময়মনসিংহের ডিসি
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদকাসক্তি, কিশোর অপরাধ ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকার ওপর জোর দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের স্বার্থে ক্রীড়া চর্চাকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলা শাখা এই ক্রীড়া উৎসবের আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যে তরুণ নিয়মিত মাঠে ঘাম ঝরায়, সে কখনোই অপরাধের অন্ধকারে পা বাড়াতে পারে না। তিনি মনে করেন, শুধুমাত্র পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলাকে প্রাত্যহিক জীবনের অংশ করে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশে সাঁতারকে কেবল একটি খেলা নয়, বরং জীবনরক্ষাকারী একটি দক্ষতা হিসেবে শেখা প্রয়োজন।
জেলা ক্রীড়া সমিতি ও শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে দিনব্যাপী চলা এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। খেলাধুলাকে ঘিরে ময়মনসিংহের ক্রীড়াপ্রেমী, অভিভাবক এবং তরুণদের পদচারণায় পুরো সুইমিং কমপ্লেক্স প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমীন। উৎসবমুখর এই প্রতিযোগিতার সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম।
১১৭ বার পড়া হয়েছে