মাদকমুক্ত আলীকদম গড়তে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও যুবসমাজ
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের আলীকদমকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও যুবসমাজ। মঙ্গলবার এক যৌথ উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতামূলক সভা ও র্যালির আয়োজন করা হয়, যেখানে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এই আয়োজনে অংশ নেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ।
মঙ্গলবার বিকেল ৩টায় ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দক্ষিণ-পূর্ব পালং পাড়া একতা যুব কল্যাণ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম থানার প্রতিনিধি এসআই মিয়েল চাকমা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সদস্য জান্নাতুল ফেরদৌস। এছাড়া একতা যুব কল্যাণ সংগঠনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও চরম সংকটে ফেলে দেয়। মাদকের এই মরণ ছোবল রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়। বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিটি এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
১১৮ বার পড়া হয়েছে