মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা জোরদারে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় মশার প্রজননস্থল ধ্বংস, হাসপাতালগুলোর প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতালের প্রস্তুতি, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা এই সভায় সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কোনো স্থানে পানি জমে থাকতে দেওয়া হবে না এবং সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে দ্রুত ধ্বংস করা হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও ও লিফলেট প্রচার করার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই কর্মসূচি সফল করতে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে