চাঁপাইনবাবগঞ্জে আবারো স্বল্পমূল্যে চাল বিতরণ শুরু, স্বস্তিতে ১৭ হাজার পরিবার
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম। মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ম্যানেজার জামিনে মুক্ত হওয়ার পর এই উদ্যোগ আবার সচল হলো। এর ফলে এলাকার প্রায় ১৭ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী গ্রামে দিনব্যাপী প্রায় ১ হাজার ৫৫০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের নতুন যাত্রা শুরু হয়। এর আগে, স্থানীয় একটি আইনি জটিলতা ও সংশ্লিষ্টদের কারাবরণের কারণে টানা দুই মাস এই জনকল্যাণমূলক সেবাটি বন্ধ ছিল।
বিতরণকারী প্রতিষ্ঠান মেসার্স মাসকুরা ট্রেডার্সের ম্যানেজার কামরুল হাসান মিদুল জানান, আইনি প্রক্রিয়া শেষে তারা জামিনে মুক্ত হয়েছেন। পূর্বের বকেয়া থাকা চাল ধাপে ধাপে সকল সুবিধাভোগীর মাঝে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হবে এবং এখন থেকে প্রতি মাসেই এই কার্যক্রম নিয়মিত চলবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৩ জুন তারা জামিনে কারামুক্ত হন। তারা এলাকায় ফিরলে হাজারো স্থানীয় বাসিন্দা তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানায়।
২০২২ সাল থেকে নামমাত্র মূল্যে কার্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে স্বল্পমূল্যে চাল সরবরাহ করে আসছিল এই বেসরকারি প্রতিষ্ঠানটি। আকস্মিক এই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন হাজার হাজার সুবিধাভোগী মানুষ। পুনরায় চাল সরবরাহ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে চরম উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
১৩২ বার পড়া হয়েছে