নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে এমপি সাচিং
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নবিষয়ক সভায় অংশ নেন তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুধবার দিনব্যাপী বিভিন্ন সরকারি ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য দেন।
পরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্বাচিত অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি বলেন, এই সহায়তা উপকারভোগীদের জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে।
এদিন পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং জনসেবাকে কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে আরও কার্যকর সেবা পৌঁছে দেওয়াই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
১২৪ বার পড়া হয়েছে