জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা, বরাদ্দ ২১ কোটি টাকার বেশি
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। উন্নয়নমূলক বিভিন্ন খাতে বরাদ্দের পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
জামালপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন সোমবার (২৯ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর প্রশাসক মৌসুমী খানন। এ সময় প্রস্তাবিত বাজেটের লিখিত বক্তব্য পাঠ করেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
পৌরসভা সূত্রে জানানো হয়, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা।
বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কবাতির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মশক নিধন কর্মসূচিসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে।
১৩০ বার পড়া হয়েছে