মাদারগঞ্জে ফসলি জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীদের মানববন্ধন
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফসলি জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিকার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে স্থানীয় বড় ভাংবাড়ি এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বড় ভাংবাড়ি এলাকায় রবিবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রধান সড়কের পাশে আয়োজিত এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগী মো. শহিদুল্লাহ, মো. তারিকুল এবং মো. ওয়াজুদ্দি ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মো. জহিরুল হক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও রেকর্ডীয় ফসলি জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।
বক্তারা আরও জানান, জমি দখলের এই অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে তারা চরম নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
১১৮ বার পড়া হয়েছে