মানবতাবিরোধী অপরাধ
ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার পাঁচ আসামির মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র সরকার আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। একই দিনে একটি নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা হয়। এছাড়া ওই দিন বিকেলে সাত বছরের শিশু বাসিত খান মুসাকে গুলি করা হলে তার দাদি মায়া ইসলাম নিহত হন।
গত ১৫ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। এ মামলায় মোট ১১ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত সংস্থা গত বছরের ৩১ জুলাই প্রতিবেদন দাখিল করে এবং ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার মধ্যে পঞ্চম রায়।
১২৩ বার পড়া হয়েছে