কলাপাড়ায় আহত সাংবাদিক মোয়াজ্জেম আশঙ্কাজনক অবস্থায় বরিশালে ভর্তি
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেনের ওপর নির্মম সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় শনিবার রাতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর রোডের একটি মোবাইল সার্ভিসিং দোকানে বসেছিলেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন। এ সময় হঠাৎ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম এবং মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লালের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন জানান, গত ২১ জুন তাঁর বোনের বসতবাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনার সংবাদ প্রকাশ করার জেরে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের ক্যাডাররা তাঁর ওপর দুই দফায় এই নৃশংস হামলা চালিয়েছে। তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হামলার পর স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলীয় ফোরামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ অবহিত আছে এবং লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২১ বার পড়া হয়েছে