ছুটিতে গ্রামে এসে লাইব্রেরি আন্দোলনের আহ্বান জানালেন পুলিশ সুপার গৌতম বিশ্বাস
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসে মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে সামাজিক অবক্ষয় রোধ এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে একটি ব্যতিক্রমী সেমিনারে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম বিশ্বাস। অনুষ্ঠানে তিনি বলেন, একটি শক্তিশালী লাইব্রেরি আন্দোলন সমাজের অগ্রগতির অন্যতম ভিত্তি হতে পারে।
মাগুরার শালিখা উপজেলার প্রত্যন্ত সিংড়া গ্রামে শনিবার বিকেলে ‘সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ ও নতুন প্রজন্মের মাঝে লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সমাজসচেতন আঞ্চলিক জনগোষ্ঠীর উদ্যোগে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিংড়া গ্রামের সন্তান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম বিশ্বাস। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান, প্রকৌশলী সম্পা বসু, শিক্ষক শাহিনুর রহমানসহ মাগুরা, যশোর ও ঝিনাইদহ জেলার ১৫টি সামাজিক লাইব্রেরির পরিচালকরা।
বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের বইমুখী করে তুলতে হবে। এজন্য পাড়া-মহল্লায় আরও বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা এবং পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধান আলোচক গৌতম বিশ্বাস বলেন, এ ধরনের সেমিনারের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা সামনে আসে। সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা গেলে সম্মিলিত প্রচেষ্টায় কার্যকর সমাধান বের করা সম্ভব।
তিনি আরও বলেন, একটি সক্রিয় লাইব্রেরি আন্দোলন শুধু পাঠাভ্যাসই বাড়ায় না, বরং সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১২১ বার পড়া হয়েছে