মাগুরায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা, সচেতনতা বৃদ্ধির আহ্বান
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে মাগুরায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
'জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন'—এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (২৬ জুন) মাগুরায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে র্যালিটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
তাঁরা আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে মাদকদ্রব্যের অপব্যবহারবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
১৩২ বার পড়া হয়েছে