ইসলামপুর পৌরসভার ৩৯ কোটি ৭০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন খাতে ব্যয়ের পরিকল্পনা তুলে ধরে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
জামালপুরের ইসলামপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
ইসলামপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পৌর এলাকার উন্নয়ন, অবকাঠামো এবং বিভিন্ন সেবামূলক খাতে গৃহীত পরিকল্পনার বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন।
এ ছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা পৌরসভাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
১০৬ বার পড়া হয়েছে