প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্যাম্পাসের খালি জায়গায় ফলদ, বনজ ও ওষুধি গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিকতা আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, সরকারের ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ প্রকল্পের অধীনে দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের এই বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশে ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি এবং প্রায় ছয় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে