কুয়াকাটায় পর্যটকদের সাথে প্রতারণা: দুই আচার ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় বার্মিজ মার্কেটে মানহীন আচার ও চকলেট বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পর্যটকদের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্র জানায়, পর্যটন কেন্দ্র কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এলাকা সংলগ্ন রাখাইন মার্কেটের ‘কুয়াকাটা এন্টারপ্রাইজ’ এবং ‘আয়াত পার্সেল হাউজ অ্যান্ড বার্মিজ শপ’ নামক দুটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, সাধারণ দেশীয় মানহীন আচার ও চকলেটকে আকর্ষণীয় বিদেশি মোড়কে ভরে পর্যটকদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছিল।
প্রতারণার বিষয়টি হাতেনাতে প্রমাণ মেলায় মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮) নামের দুই অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রশাসন সদা তৎপর। পর্যটকদের বিভ্রান্ত করে যারা মানহীন পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে সতর্কতামূলক এই জরিমানা করা হলেও পরবর্তীতে আরও কঠোর শাস্তি দেওয়া হবে এবং এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।
১২৮ বার পড়া হয়েছে