গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতর্ক প্রশাসন
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় সেনা টহল থাকবে। তবে বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জনমনে কোনো আতঙ্ক নেই।
দেশের ৬টি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে সেনাসদস্যরা জেলাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত তারা গোপালগঞ্জে অবস্থান করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতেই সেনা টহলের এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গোপালগঞ্জ জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জেলার মানুষ শান্তিপ্রিয় হওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবুও বাড়তি সতর্কতা হিসেবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই সচল রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে