দেবীগঞ্জে ১৫ শতাংশ কমিশনের নামে ঘুষের ভিডিও ভাইরাল, বিপাকে পিআইও
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের ১৫ শতাংশ কমিশনের নামে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৪ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে প্রকাশ্যে অর্থ লেনদেনের হিসাব করতে দেখা গেছে তাকে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
ভাইরাল হওয়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় তাঁর কার্যালয়ে বসে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সঙ্গে কমিশনের টাকা নিয়ে দরদাম করছেন। তিনি ক্যালকুলেটরে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের অঙ্ক হিসাব করে ১৫ শতাংশ কমিশন নির্ধারণ করছেন।
ভিডিওর একপর্যায়ে এক ইউপি সদস্যকে পিআইও বলেন, “৩২ হাজার টাকা করে ৮ টন গম হলে মোট ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।” ওই ইউপি সদস্য টাকা কিছুটা কম রাখার অনুরোধ জানালে বাবুল চন্দ্র রায় মন্তব্য করেন, “মেম্বারদের কোনো দিন লাভ হয় না। আমি এতদিন পিআইও হিসেবে কাজ করছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।”
অন্য একটি অংশে ১ লাখ ৬২ হাজার টাকার টিআর প্রকল্পের বিপরীতে ২৪ হাজার টাকা কমিশন দাবি করতে শোনা যায় তাকে। সংশ্লিষ্ট সদস্য শতভাগ কাজ করার দাবি জানালে পিআইও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া আরেকটি ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা এবং একাধিক প্রকল্প মিলিয়ে অন্য একজনের কাছে ৫৬ হাজার টাকা দাবি করার দৃশ্য ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওর শেষভাগে কয়েকজনকে অর্থ গুনতে এবং পিআইওর ফাইলের সামনে টাকা রাখতে দেখা যায়।
তবে ঘুষ গ্রহণের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। তাঁর দাবি, প্রকল্প সংশ্লিষ্টরা কাজ শেষ না করেই চূড়ান্ত বিল তুলতে এসেছিলেন। এ কারণেই তাঁদের সঙ্গে ওই ধরণের কথাবার্তা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা জানান, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
১২৮ বার পড়া হয়েছে