আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: গোপালগঞ্জে নামলো সেনাবাহিনী
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জেলাটিতে সেনা টহল চলবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুনের এই কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট করে কত প্লাটুন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
এদিকে জেলাজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় মানুষ শান্তিপ্রিয় হওয়ায় পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তবুও বাড়তি সতর্কতা হিসেবে এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে সেনা মোতায়েনের পর স্থানীয়দের মনে স্বস্তি দেখা গেছে। জেলার সাধারণ মানুষ কোনো ধরনের আতঙ্ক ছাড়াই দৈনন্দিন কাজকর্ম করছেন এবং সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে