সিংগাইরে স্কুলছাত্রী হত্যা মামলা: প্রধান শিক্ষক ও প্রেমিকসহ গ্রেফতার ৮
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী মারিয়া আক্তারের দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিহতের প্রেমিক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, নিহত মারিয়া আক্তারের মা কামরুন নাহার বাদী হয়ে সিংগাইর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় আট আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মারিয়ার সহপাঠী ও প্রেমিক আলিফ, তার মা রুমা বেগম, বোন মিম আক্তার এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা। এছাড়া অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে।
তদন্তে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সাথে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর উভয় অভিভাবককে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে দুই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হলে ওই দিন থেকেই নিখোঁজ ছিল মারিয়া।
নিখোঁজের ছয় দিন পর চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশের জঙ্গল থেকে মারিয়ার অর্ধগলিত ও দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের এক অংশ গাছে ঝুলন্ত এবং অন্য অংশ মাটিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, মেয়ে নিখোঁজ থাকা অবস্থাতেই স্থানীয় প্রভাবশালী ও প্রধান শিক্ষক মিলে মারিয়ার মায়ের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩০ বার পড়া হয়েছে