আশুলিয়ায় বিপুল মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে ২ জন, দুর্গাপুর থেকে ২ জন এবং চারাবাগ পশ্চিমপাড়া থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা, ১৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, আটককৃত ৫ অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে