টুঙ্গিপাড়ায় জমি দখলের চেষ্টা ও হত্যা হুমকি: বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন
শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা, হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা। অভিযুক্ত প্রভাবশালী চক্রের হাত থেকে নিজের জমি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাটগাতি গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. নুরুল ইসলাম শেখ এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, পাটগাতি ইউনিয়নের শ্রীরাকান্দি মৌজায় ক্রয়কৃত ২৩ শতাংশ জমি তিনি দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি স্থানীয় প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে এই জমি দখলের চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেন, ২৫ বছর আগে লাগানো প্রায় আড়াইশত গাছ তিনি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। সেই গাছ কাটতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা বাধা দেয় এবং তাকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। এই পরিস্থিতিতে নিজের জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
১২৪ বার পড়া হয়েছে