সর্বশেষ

জাতীয়

বেনজীরকে ফেরাতে ৩ দিনেই ইউএইতে পাঠানো হলো ১৪৪ পৃষ্ঠার নথি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে পাঠিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠাতে বলা হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যেই ১৪৪ পৃষ্ঠার নথিপত্র প্রস্তুত, অনুবাদ এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠাতে সক্ষম হয়েছে।

তিনি জানান, গত ১২ জুন আবুধাবির ফেডারেল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ই-মেইলের মাধ্যমে বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক কার্যক্রমে দ্রুততা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘শাস্তি ও পুরস্কার’ নীতি কার্যকর করেছে। কর্তব্যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে, পাশাপাশি গাফিলতি বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিছু এলাকায় দীর্ঘদিনের অপরাধপ্রবণতা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের সাবেক সিটি করপোরেশন কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে পুলিশের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্ট কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলা এলাকায় কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে মন্ত্রী বলেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যু দমনে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। একটি অভিযানে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ২৩ জুন নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন