মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উচ্ছেদ ও খনন শুরু আজই
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মীরকাদিমে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়া শতবর্ষী নয়নের খাল পুনরুদ্ধারে নেমেছে সরকার। আজ শুক্রবার ঐতিহ্যবাহী এই খালটি সশরীরে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত খনন কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার বিনোদপুর এলাকায় নয়নের খাল পরিদর্শনে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে মুন্সীগঞ্জের সবকটি খাল খনন করা হবে। তবে জরুরি ভিত্তিতে ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধারে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম এবং স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে এই খালের বেহাল দশা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এক সময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত এবং এটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। কালের বিবর্তনে এবং অবৈধ দখলের কারণে এটি আজ মৃতপ্রায়। খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে তালিকা তৈরি করেছে এবং আজ থেকেই উচ্ছেদ অভিযান ও খনন কাজ শুরু হবে।
খালটিকে আগের রূপে ফিরিয়ে আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী খালের দুই পাশে রিটেইনিং গাইড ওয়াল এবং দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ করা হবে। এর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি খালের স্বাভাবিক পানির প্রবাহ সারা বছর সচল রাখা সম্ভব হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, police সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৪৯ বার পড়া হয়েছে