চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও প্রচারাভিযান
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে মতবিনিময় সভা, র্যালি ও তিন দিনব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা ও র্যালির আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্যাংকের নতুন বাজার শাখার উদ্যোগে শহরের মীর শপিং কমপ্লেক্সের কাচ্চি ডাইনিং রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান (আরএম) মাইনুল ইসলাম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এখনও অনেক উন্নত দেশের তুলনায় পিছিয়ে থাকলেও সরকার গ্রাহকসেবা ও ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক করতে কাজ করছে। এর অংশ হিসেবে স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাইনুল ইসলাম বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি অর্থ লেনদেনের নিরাপত্তাও বাড়বে। তিনি আরও বলেন, কাগজের মুদ্রা ছাপাতে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। ডিজিটাল লেনদেনের প্রসার ঘটলে সেই অর্থ উন্নয়নমূলক বিভিন্ন খাতে ব্যয় করার সুযোগ সৃষ্টি হবে।
পূবালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার ব্যবস্থাপক রাসেল আহম্মদের সভাপতিত্বে এবং শাখার অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বিউটি দাস।
এ ছাড়া বক্তব্য দেন মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ব্যাংকের গ্রাহক তৈয়ব তাহের সরকার।
বক্তারা বলেন, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআরের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। ক্যাশলেস লেনদেন ব্যবস্থা অর্থ লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত করে। একই সঙ্গে খুচরা টাকার সংকট, নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয়, জাল নোট ও কালো টাকার বিস্তার কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
এর আগে নতুন বাজার শাখা থেকে একটি র্যালি বের হয়ে জেএম সেনগুপ্ত সড়ক প্রদক্ষিণ করে মীর শপিং কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। পরে জোড়পুকুর পাড় এলাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস লেনদেনবিষয়ক প্রচারাভিযানের উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১১৪ বার পড়া হয়েছে