ঈদের মাংস বিতরণে উঠে এলো ক্যান্সার আক্রান্ত লালনের করুণ জীবনসংগ্রাম, পাশে দাঁড়াল ‘ফুড ফর অল’
সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কোরবানির ঈদের আনন্দের মাঝেই রাজশাহীর বাঘা উপজেলায় এক ক্যান্সার আক্রান্ত অসহায় পরিবারের বেদনাদায়ক বাস্তবতা সামনে এসেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’-এর ঈদকালীন মাংস বিতরণ কার্যক্রমে উঠে আসে বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত তরুণ লালন ও তার পরিবারের মানবেতর জীবনসংগ্রামের চিত্র।
রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে তিনি একটি জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করেন।
একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ভ্যান চালিয়ে সংসার চালাতেন লালন। কিন্তু অসুস্থতার কারণে বর্তমানে তিনি সম্পূর্ণভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে।
ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ‘ফুড ফর অল’-এর সদস্যরা লালনের বাড়িতে গেলে তার পরিবারের করুণ অবস্থার বিষয়টি তাদের নজরে আসে। পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দকৃত মাংসের একটি অংশ পুরোপুরি ওই পরিবারকে দেওয়া হয়।
সংগঠনের সদস্য রতন জানান, লালনের পরিবারের বাস্তব অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত হন এবং তাৎক্ষণিকভাবে সহায়তার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, লালনের নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থাও ক্রমশ অবনতি হচ্ছে।
লালন জানান, তার চিকিৎসার জন্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার প্রয়োজন। এই বিপুল ব্যয়ের কারণে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছেন।
আবেগঘন কণ্ঠে লালন বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমি বাঁচতে চাই। যদি সমাজের সামর্থ্যবান মানুষরা পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
‘ফুড ফর অল’-এর প্রধান কর্ণধার শিমুল সরকার জানিয়েছেন, তারা ভিডিও প্রতিবেদনের মাধ্যমে লালনের পরিবারের দুর্দশা তুলে ধরেছেন, যাতে সমাজের দানশীল ও মানবিক মানুষরা এগিয়ে আসেন।
সংগঠনটি সবাইকে লালনের জীবনরক্ষায় সহায়তার আহ্বান জানিয়েছে।
১১৫ বার পড়া হয়েছে