রাঙামাটিতে পিতা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির সাজেকে চাঞ্চল্যকর শান্তি লাল চাকমা হত্যা মামলায় আপন ছেলে ও ভাতিজাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহত শান্তি লাল চাকমার ছোট ছেলে সোহেল চাকমা এবং ভাতিজা আলোময় চাকমা। রায় ঘোষণার সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি আলোময় চাকমা পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার ভাইবোন ছড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। রাতের খাবার শেষে শান্তি লাল চাকমাকে ঘর থেকে ডেকে বের করে গলায় গামছা পেঁচিয়ে এবং ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার আট দিন পর বাঘাইছড়ির কাচলং নদী থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পাশাপাশি অভিযুক্ত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আদালত পর্যবেক্ষণ করেন যে, এই ধরনের পশুবৃত্তসুলভ ও নির্মম হত্যাকাণ্ড মানবসভ্যতার জন্য চরম হুমকি। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ ইকবাল জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
১১০ বার পড়া হয়েছে